খুলনার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ‘'চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনার সোনাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ছড়িয়ে আসা পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪)—অবশেষে র্যাব-৬–এর হাতে ধরা পড়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাতে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র্যাবের বিশেষ অভিযানে তিনি গ্রেপ্তার হন । গ্রেপ্তার পলাশ সোনাডাঙ্গার গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, চিংড়ি পলাশের অবস্থান নিয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়। র্যাবের ভাষ্য, খুলনা থেকে পালিয়ে থাকা অবস্থায় তিনি আবারও সহযোগীদের নিয়ে চাঁদাবাজি চক্রকে সক্রিয় করার চেষ্টা করছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, খুলনার চিংড়িঘের মালিকদের কাছে চাঁদা আদায়ের মাধ্যমে এলাকায় তার ছিল বিস্তৃত প্রভাব। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে—এর মধ্যে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা ৮ টি। এছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনের অভিযোগও রয়েছে একাধিক।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা–পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পলাশ। চার মাস আগে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের চাঁদাবাজিতে সক্রিয় হয়ে ওঠেন—এমন অভিযোগে পুনরায় তাকে আটক করা হয়েছে বলে র্যাব জানায়।