লোহাগড়ায় কিশোরের মরদেহ উদ্ধার, আটক ৩
খুলনা ব্যুরো :
নড়াইলের লোহাগড়ায় ক্যারাম খেলতে বেরিয়ে নিখোঁজের একদিন পর তাজিম মোল্লা (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর রবিবার সকালে চর-আড়িয়ারা দক্ষিণপাড়ার হাবিবার মৃধার পুকুরপাড় থেকে লাশটি পাওয়া যায়। ঘটনাটির জেরে তার তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তাজিম জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল মোল্লার ছেলে এবং আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তাজিম আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের দোকানে বন্ধু ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও রিপন শেখের (১৪) সঙ্গে ক্যারাম খেলতে যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
রবিবার ৭ ডিসেম্বর সকালে স্থানীয়রা স্কুলের পেছনের পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে তাজিমের পরিবার এসে মরদেহটি শনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।