সংবাদ শিরোনাম

পশ্চিম সুন্দরবনে মুক্তিপনের দাবিতে ৭ জেলে অপহরণ

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন   |   জেলার খবর

পশ্চিম সুন্দরবনে  মুক্তিপনের দাবিতে ৭ জেলে অপহরণ

খুলনা ব্যুরো : 

সুন্দরবনের মালঞ্চ নদীর বিভিন্ন খাল এলাকায় কাঁকড়া শিকার করতে যাওয়া সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। ডন বাহিনীর পরিচয়ে হামলা চালিয়ে তাদের তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা। ৭ ডিসেম্বর রবিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হাঁসখালী, চেলাকাটা ও হেতালবুনি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

ফিরে আসা দুই জেলে—ফজের আলী ও সবুজ মিয়া—জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে তাঁরা কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেছিলেন। বনের মধ্যে অবস্থানকালে হঠাৎ তিনটি নৌকায় আসা ১০ জন অস্ত্রধারী তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা। পরে একটি বিকাশ নম্বর (০১৭৪১-৮৮২৬৫৭) দিয়ে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ পাঠাতে নির্দেশ দেয়।

অপহৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) এবং হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।

ফিরে আসা জেলেরা বলেন, ধারদেনা করে তাঁরা বনে গিয়েছিলেন। এখন মুক্তিপণ আদায়ের চাপে পড়ায় তারা অসহায় অবস্থায় রয়েছেন। “এই দুরবস্থায় মৃত্যুই যেন ভালো ছিল”—বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বনবিভাগের স্মার্ট পেট্রল টিমকে ঘটনাটি জানানো হয়েছে। পাশাপাশি কোস্টগার্ডকেও অবহিত করা হয়েছে।

কৈখালী বিসিজি স্টেশন সূত্র জানায়, অপহৃত জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সব তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, আত্মসমর্পণের পর ডন বাহিনী বহুদিন নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি আবারও দস্যুতিতে সক্রিয় হয়েছে। চলতি বছরের ৫ আগস্টের পর আলিফ ও রবিউল বাহিনীর মতো ডন বাহিনীও পুরোদমে অপতৎপরতা শুরু করেছে। বাহিনী প্রধানের বাড়ি খুলনায় হলেও সহযোগীদের মধ্যে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও সফিকুল ওরফে ভেটোর নাম উঠে এসেছে। তবে তাঁরা বর্তমানে বনে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।