সংবাদ শিরোনাম

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ৭ জেলে আটক

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন   |   জেলার খবর

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ৭ জেলে আটক

খুলনা ব্যুরো :

বনবিভাগের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ী অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। এ সময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ৭ ডিসেম্বর রবিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন—বাগেরহাটের মোংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন হোসেন শেখ (৪০) ও ইব্রাহিম শেখ (৩০), মহসিনের ছেলে ইয়ামিন মোসালি (১৮), একই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে মোশারফ শেখ (৪০), দক্ষিণ হলদেবুনিয়া গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে একরাম শেখ (২৪), চাঁদপাই গ্রামের মৃত সোনাউল্লাহ ফকিরের ছেলে শওকত আলী ফকির (৫৫) এবং আন্ধারিয়া গ্রামের করস ফকিরের ছেলে সাফারাত ফকির (৪৫)।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।