খুলনায় ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ
খুলনা প্রতিনিধি :
পাঁচ দফা দাবিতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় কাজী ইকরামুল কবীরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বিকেল ৩টায় জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মো. রেজাউল করীম সমাবেশ মঞ্চে উপস্থিত হন।
সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর ভিত্তিক দুই কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালুর দাবি জানান। তারা বলেন, দেশের মানুষ ন্যায়, শান্তি ও দুর্নীতিমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া চাঁদাবাজি ও দখলবাজির শিকার সাধারণ মানুষের মুক্তির জন্য আগামী নির্বাচনে ৮ দলকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও জানান, জোটের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে, তবে তা কোনোভাবেই সফল হবে না। তারা হকের পথে জিহাদ ও সাধনার মাধ্যমে দেশের ন্যায়নিষ্ঠ শাসন নিশ্চিত করতে কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা।