সংবাদ শিরোনাম

যশোরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা ব্যুরো :

যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নির্জন সড়ক দিয়ে ঘাতক বাসটি পালিয়ে যায়।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, বাসটির পরিচয় শনাক্তে আশপাশের দোকান ও বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চালককে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

দুই যুবকের মৃত্যুতে আলিসা গ্রামে শোক নেমে এসেছে। পরিচয় নিশ্চিতের আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।