খুলনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উম্মোচন, মুল হোতাসহ গ্রেফতার ৩
মাসুদ আল হাসান , খুলনা ব্যুরো :
খুলনার লবণচরা থানায় গত ১৬ নভেম্বর ঘটে যাওয়া তিনজনকে হত্যার নৃশংস ঘটনায় মূল হোতা মোঃ শামীম শেখ ওরফে শেখ শামীম আহম্মেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতরা হলেন—দুই শিশু ফাতিহা (৭) ও মুস্তাকিম (৮) এবং তাদের নানি মহিতুন্নেছা (৫৩)।
মামলার বাদী সেফার আহম্মেদ ও আসামি শামীম শেখ সম্পর্কে মামাতো–ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। পুলিশ জানায়, জেলখানায় থাকা অবস্থায় শামীম একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যোগসাজশ গড়ে তোলে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেফার আহম্মেদের পরিবারকে ‘নিশ্চিহ্ন’ করার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী ১৬ নভেম্বর রাতে শামীম ও তার ভাড়া করা সহযোগীরা সেফার আহম্মেদের বাড়িতে প্রবেশ করে তিনজনকে হত্যা করে। ঘটনার পর শামীম পলাতক ছিল এবং বিদেশে পালানোর চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার শামীম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এই ঘটনায় এর আগে তরিকুল ইসলাম তারেক (২৬) ও তাফসির হাওলাদার (২০)–কে গ্রেফতার করা হয়। তরিকুলের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং তাফসিরের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
মঙ্গলবার কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার মোঃ শিহাব করিম, ত.ম রোকনুজ্জামান, মোঃ গোলাম মোর্শেদ, লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।