খুলনায় মশক নিধনে বিশেষ কর্মসূচি শুরু
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে মশার প্রজনন বৃদ্ধি ও ডেঙ্গু–চিকনগুনিয়া ঝুঁকি মোকাবিলায় বিশেষ মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে সিটি করপোরেশন (কেসিসি)। কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে মশক নিধন–কার্যে নিয়োজিত শ্রমিকদের নির্দেশনা প্রদান উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান।
সভায় জানানো হয়, শীত মৌসুমের আগে মশার বংশবিস্তার বাড়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ পরিস্থিতি বিবেচনায় কঞ্জারভেন্সী বিভাগ মশক নিধনে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে স্প্রেম্যানদের সকালে ৪ ঘণ্টা হ্যান্ড স্প্রে এবং বিকেলে ৪ ঘণ্টা ফগার মেশিনের মাধ্যমে উড়ন্ত মশা নিধনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে সব ওয়ার্ডের ড্রেন ও সড়ক পরিস্কার–পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয় পরিচ্ছন্নতা কর্মীদের।
সভায় কেসিসি’র পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ির আঙ্গিনা, জলাধার ও বদ্ধ স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রকৌশলী মো. আনিসুর রহমান, মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সহকারী কঞ্জারভেন্সী অফিসার, ওয়ার্ড সুপারভাইজার, স্প্রেম্যান ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।