খুলনায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে তামাকবিরোধী জোটের সৌজন্য সাক্ষাৎ
খুলনা প্রতিনিধি :
খুলনায় দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ২৩ নভেম্বর রবিবার বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার।
সাক্ষাতে জেলা প্রশাসক বলেন,“খুলনা জেলার সকলের কাছে আমার একটাই অনুরোধ—ভালো কাজে আমাকে নিশ্চিন্তে ব্যবহার করুন। যেখানে অনিয়ম বা অপরাধ হচ্ছে, আমাকে জানালে আমি দ্রুত ব্যবস্থা নেব।”
তিনি জানান, তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের ঘটনা, বিশেষ করে শিক্ষার্থীদের ধূমপান, প্রতিরোধে মোবাইল কোর্টের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো হবে।
জেলা প্রশাসক মনে করেন, ধূমপান প্রায়শই অন্যান্য মাদকের প্রবেশ পথ। তাই সন্তান কার সঙ্গে মিশছে, তারা ধূমপানের দিকে ঝুঁকছে কিনা—এ বিষয়ে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, খুলনা জেলার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটি জাতীয়ভাবে ২০১৫, ২০২৩ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। তাদের আশা—নতুন জেলা প্রশাসকের সহযোগিতা এ ধারাকে আরও এগিয়ে নেবে।
জেলা প্রশাসক পুনর্ব্যক্ত করেন,“যেখানে কোনো অনিয়ম বা আইন ভঙ্গ হচ্ছে, আমাকে জানান—আমি অবশ্যই ব্যবস্থা নেব।”
সাক্ষাতে উপস্থিত ছিলেন সিয়াম-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, প্রজেক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান শাকিল, পলিসি লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের মো. ইমরান মিয়া, রাকিব হাসানসহ অন্যরা।
প্রতিনিধি দল মনে করে, জেলা প্রশাসনের সদর্থক ভূমিকা খুলনায় তামাকবিরোধী কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি ও টেকসই সমন্বয়ের পথ তৈরি করবে।