সিডরের ১৮ বছর পরও দুশ্চিন্তা কাটেনি শরণখোলায়
খুলনা ব্যুরো :
সুপার সাইক্লোন সিডরের ১৮ বছর পরও দুশ্চিন্তা কাটছে না শরণখোলায়। বলেশ্বর নদের তীরে ৩০০ কোটি টাকায় নির্মিত ৬২ কিলোমিটার তীররক্ষা বাঁধ হস্তান্তরের দুই বছরের মধ্যেই ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে।
উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএইচডব্লিউই’ নির্মাণ করা এই বাঁধের ২০ কিলোমিটারের বেশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কমপক্ষে ১১টি স্থানে সিসি ব্লক ধসে মূল বাঁধ ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের অভিযোগ—সম্ভাব্যতা যাচাইয়ের ঘাটতি, নকশাগত ত্রুটি ও নদী শাসন ছাড়া নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নদীতীরবর্তী গাবতলা ও সাউথখালীর বাসিন্দারা বলছেন, “সিডরে স্বজন হারিয়েছি—এবার আবার বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে।”
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ও সিসি ব্লক বসানোর কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের মত—নদী শাসন ছাড়া টেকসই নিরাপত্তা সম্ভব নয়; না হলে ভবিষ্যতে আবারও বড় বিপর্যয় দেখা দিতে পারে।