সংবাদ শিরোনাম

খুলনায় রাতের আঁধারে দলিল লেখক সেরেস্তায় আগুন

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় রাতের আঁধারে দলিল লেখক সেরেস্তায় আগুন

খুলনা ব্যুরো :

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত   রাত ৩টার দিকে ১৩ নভেম্বর দুর্বৃত্তরা দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু বলেন, “রাত ৩টার দিকে আগুন দেখতে পেয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিই। আগুনে কিছু আসবাব পুড়েছে, তবে বড় ক্ষতি হয়নি।”

টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, “রাত ৩টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দলিল লেখকদের বসার স্থানে আগুনের ঘটনাস্থল থেকে দুটি বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।