সংবাদ শিরোনাম

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

মাসুদ আল হাসান,খুলনা ব্যুরো :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোর -নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থে‌কে অর্ধকোটি টাকার স্বর্ণবার সহ এক পাচারকারীকে আটক করেছে। ৫ অক্টোবর  বুধবার সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ওসমান গনি (৩৫)। তিনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল রয়টোকা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওসমান গনিকে আটক করে তল্লাশি চালানো হলে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হেডফোন ও ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ঘটনার পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।