সংবাদ শিরোনাম

জনগণের ভোটে নির্বাচিত সরকার না এলে ভাগ্যের পরিবর্তন হবেনা - বকুল

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

জনগণের ভোটে নির্বাচিত সরকার না এলে ভাগ্যের পরিবর্তন হবেনা - বকুল

খুলনা ব্যুরো প্রধান :

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে সাধারণ মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি, বরং সরকারের আশ্রয়ে থাকা লুটেরা গোষ্ঠীর ভাগ্যই পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে না। ৩১ অক্টোবর শুক্রবার রাতে  নগরীর ১৫নং ওয়ার্ডের আলমনগর ও মক্কী মাদানি ইউনিটের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, একসময় খুলনার শিল্পাঞ্চল ছিল দেশের অর্থনীতির হৃদপিণ্ড। মিলগুলো সচল ছিল, শ্রমিকরা কাজ পেতেন। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। “লুটপাট করে যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে, যার প্রমাণ নিউজপ্রিন্ট মিল,”—যোগ করেন তিনি।

বকুল আরও বলেন, “যেসব বাবা-মা সন্তানদের লেখাপড়া করিয়ে চাকরির স্বপ্ন দেখেছিলেন, সেই তরুণরা আজ বেকার হয়ে মাদকের দিকে ঝুঁকছে। যে পরিবারে মাদক প্রবেশ করেছে, সেই পরিবার ধ্বংস হয়ে গেছে।”

সভায় সভাপতিত্ব করেন আলমনগর ও মক্কী মাদানি ইউনিটের সভাপতি মো. সাইফ শরীফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন মো. রুহুল কুদ্দুস খান প্রমুখ।

পরে রকিবুল ইসলাম বকুল খুলনার ৭১-এর রণাঙ্গনের খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কে এম আলম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, শেখ আনসার আলী, মো. নজরুল ইসলাম, মো. আজাদ শেখ, শাহজাহান কমান্ডার, মো. ওয়াহিদুর রহমান ও এস এম মজিবর রহমান।