সংবাদ শিরোনাম

হিন্দুদের নিয়ে রাজনীতি করার সুযোগ নেই গোলাম পারওয়ার

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

হিন্দুদের নিয়ে রাজনীতি করার সুযোগ নেই  গোলাম পারওয়ার

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো প্রধান :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, এখন আর হিন্দুদের নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে।

৩১ অক্টোবর শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক পারওয়ার বলেন, স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে শুধু নিজেদের স্বার্থে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। লাঙল, ধানের শীষ, নৌকা—সব প্রতীকের শাসন দেখা হয়েছে, এবার মানুষ দাঁড়িপাল্লাকে দেখবে।

নভেম্বরের মধ্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে—এভাবেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল। বক্তব্য দেন প্রমত গাইন, ডা. হরিদাস মণ্ডল, অধ্যক্ষ সুভাষ সরদার, অ্যাডভোকেট আপোষ সিংহ, কানাই লাল কর্মকারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সকাল থে‌কে সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। নাচ, গান ও বাদ্যযন্ত্রের তালে স্বাধীনতা চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।