সংবাদ শিরোনাম

তরুণ সমাজ বাঁচাতে ঐক্যের আহ্বান - বকুলের

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর

তরুণ সমাজ বাঁচাতে ঐক্যের আহ্বান - বকুলের

খুলনা ব্যুরো :

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, এক সময়ের কর্মচঞ্চল শিল্পাঞ্চল খুলনা-৩ আসন এখন দেশের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র এলাকায় পরিণত হয়েছে। এখানকার অর্থনৈতিক স্থবিরতা ও মানুষের অসহায় অবস্থার সুযোগে মাদক সিন্ডিকেট বিস্তার লাভ করেছে, যা তরুণ সমাজকে ধ্বংস করছে।

৩০ অক্টোবর  বৃহস্পতিবার রাতে খালিশপুর বিআইডিসি রোডে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, “এক সময় এই অঞ্চলে হাজারো শ্রমিক কাজ করতেন, এখন মিল-কল বন্ধ হয়ে যাওয়ায় মানুষের হাতে কোনো কাজ নেই। দোকান সাজানো থাকে, কিন্তু ক্রেতা নেই।”

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি বলেন, “যে দলেরই হোক, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। খুলনাকে মাদক ও চোরচালানমুক্ত করেই ছাড়ব।”

সভায় সভাপতিত্ব করেন আব্দুল গফুর বিশ্বাস ও সঞ্চালনা করেন ব্যবসায়ী জাকির হোসেন। বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।