গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭
প্রতিদিনের দেশ ডেস্ক :
২৮ অক্টোবর মঙ্গলবার গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সকালে ও বিকেলে টুঙ্গিপাড়া এবং সদর উপজেলায় দুটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৬০) এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের বাসিন্দা ট্রাক হেলপার মো. জসিম শেখ (২৩)।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, বিকেলে রামচন্দ্রপুর বটতলা মসজিদে জোহরের নামাজ আদায় করে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর লস্কর। এ সময় পিরোজপুরগামী ‘ওয়েলকাম এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই মারা যান আলমগীর। আহত হন অন্তত পাঁচ যাত্রী।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ বাসটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে যান।
অন্যদিকে, সকালে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন ট্রাকের হেলপার জসিম শেখ। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।