সংবাদ শিরোনাম

কালিগঞ্জে নদী দখলমুক্ত ও সবুজায়নে ইউএনও’র চর বনায়ন উদ্যোগ

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন   |   জেলার খবর

কালিগঞ্জে নদী দখলমুক্ত ও সবুজায়নে ইউএনও’র চর বনায়ন উদ্যোগ

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নদী রক্ষা, দখলমুক্তকরণ এবং সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চর বনায়ন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।

১৮ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেন। এসময় তিনি স্থানীয়দের কাছ থেকে নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই অবৈধ দখলদারদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।

ইউএনও অনুজা মণ্ডল জানান, স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদারকি কমিটি গঠন করা হবে। আগামী নভেম্বর মাস থেকে দখলমুক্ত চরে পরিবেশবান্ধব বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম শুরু হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ইউএনওর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন,এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর নাব্যতা ফিরে আসবে, অবৈধ দখল কমবে এবং টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিকাপুর এলাকার গলঘেশিয়া নদীর চর অংশটি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে বালুর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে নাব্যতা সংকট দেখা দেয়।

নদী দখলমুক্ত ও সবুজায়ন কার্যক্রমের এ উদ্যোগে কালিগঞ্জজুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানান স্থানীয় সচেতন মহল।