সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস উদ্ধার
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
১৮ অক্টোবর শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত হরিণের মাংস ও পা পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।