সংবাদ শিরোনাম

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

খুলনা প্রতিনিধি :

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, “বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটায়। যা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম; তাই এর চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। জয় বা পরাজয় নয়, অংশগ্রহণই মূল বিষয়।”

তিনি শহরের পাশাপাশি গ্রামীণ পর্যায়েও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পরিচালক (প্রশাসন) লিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. রিয়াদুল মাহমুদ, সিনিয়র কর্মকর্তা শাহনাজ পারুল ও মো. ফুয়াদ হোসেন।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক শেখ দিদারুল আলম।

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. সাউদ আল-ফয়সাল রাজু। বিচারক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. সালাউদ্দিন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান, এবং কুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য) মনোজ কুমার মজুমদার।

অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায়।

পরে প্রধান অতিথি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুল অংশ নেয়। ফাইনাল পর্বে মুখোমুখি হয় খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এতে বিজয়ী হয় খুলনা পাবলিক কলেজ।