খুলনায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
খুলনা প্রতিনিধি:
জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় খুলনা শহরের পাওয়ারহাউজ মোড়ে মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকে সংবিধানের দোহাই দিচ্ছেন। কিন্তু জুলাই সনদের অনেক বিষয়ই সংবিধানে নেই। তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদের বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে?
তিনি বলেন, “সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। কাঙ্ক্ষিত মানের নির্বাচন নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে। জনগণের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ এবং পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারি মো. রেজাউল করিম।
এ সময় বক্তব্য দেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ আবু তাহের, মাওলানা আবু সাঈদ, হাফেজ আব্দুল লতিফ, যুগ্ম সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবিরসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ও প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন অত্যাবশ্যক। তারা বলেন, জুলাই সনদের চেতনা বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।