চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নুর (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে নিজ জমিতে কাজ করার সময় নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় চারজন গুরুতর জখম হন। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।
আহতরা হলেন—খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) ও দিপু (১৭)। তারা সবাই গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজের সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন জয়নুর নামে একজন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।