চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডাক দিবস পালিত : পার্সেল ও বৈদেশিক ডাক সেবায় আস্থা বাড়ছে
চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি:
তথ্য প্রযুক্তির যুগে যখন ইলেকট্রনিক মাধ্যমেই চলছে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান, তখনও সারা বিশ্বের মতো চাঁপাইনবাবগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব ডাক দিবস।
বৃহঃবার সকালে শহরের পুরাতন বাজারের প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বড় ইন্দারা মোড় প্রদক্ষিণ করে আবারও ডাকঘরে এসে শেষ হয়।
স্থানীয় ডাক বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জে একটি প্রধান ডাকঘরসহ ১২টি উপ-শাখা রয়েছে। সবগুলোই চালু আছে এবং প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। যদিও ব্যক্তিগত চিঠি আদান-প্রদান প্রায় বন্ধ হয়ে গেছে, তবে অফিসিয়াল চিঠিপত্র ও পার্সেল সেবার ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিদিনই বিপুল পরিমাণ পার্সেল চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো হচ্ছে এবং আসছে দেশের নানা স্থান থেকে।
চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সারোয়ার জাহান বলেন, এখানে বৈদেশিক ডাক ও পার্সেল সেবা সবচেয়ে জনপ্রিয়। প্রবাসে থাকা জেলার অসংখ্য মানুষ পরিবারের সঙ্গে ম‚ল্যবান জিনিসপত্র আদান-প্রদানের ক্ষেত্রে ডাক বিভাগের উপর আস্থা রাখছেন। বর্তমানে প্রবাসীদের দেশগুলোতেও বাংলাদেশ ডাক বিভাগের সেবা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, বৈদেশিক ডাক সেবার চাহিদা বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ ডাক বিভাগের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।