সংবাদ শিরোনাম

সড়ক সংকট ও প্রবেশমূল্য বৃদ্ধিতে সুন্দরবনের সাতক্ষীরা অংশে পর্যটক কমছে

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

সড়ক সংকট ও প্রবেশমূল্য বৃদ্ধিতে সুন্দরবনের সাতক্ষীরা অংশে পর্যটক কমছে

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

বিশ্বের ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ সুন্দরবনের একটি বড় অংশ সাতক্ষীরায় অবস্থিত। বাংলাদেশের ছয় জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত থাকলেও একমাত্র সাতক্ষীরাতেই সড়ক পথে সরাসরি বন দেখা যায়। এ কারণে একসময় এখানে পর্যটকের ভিড় থাকলেও এখন সেই চিত্র অনেকটাই বদলেছে।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বেহাল দশা, প্রবেশমূল্য বৃদ্ধি এবং রাত্রিকালীন অবস্থানের পাশ সহজে না পাওয়ার কারণে পর্যটক কমছে। এতে সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্প এবং উপকূলীয় মানুষের জীবিকায় ভাটা পড়ছে।

সুন্দরবনের ভেতরে কলাগাছিয়া, কচিখালী, দেবহাটার রূপসি ম্যানগ্রোভ ফরেস্ট এবং মুন্সীগঞ্জের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার পর্যটকদের কাছে জনপ্রিয়। এখানে মাছের জাদুঘরসহ নানা আকর্ষণ থাকলেও সড়ক অব্যবস্থাপনা ও নানা জটিলতায় পর্যটক সংখ্যা দিন দিন কমছে।

শ্যামনগরের স্থানীয় বাসিন্দা শেখ নাজমুল হাসান বলেন “আমাদের জীবিকা অনেকটাই পর্যটনের ওপর নির্ভরশীল। কিন্তু সড়কের খারাপ অবস্থা, ভাড়া বৃদ্ধি আর রাত্রিকালীন পাশ না পাওয়ার কারণে পর্যটক কমে গেছে। সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়ক সংস্কার এবং স্থানীয় রেঞ্জ অফিস থেকে পাশ দেওয়া শুরু হলে আবারও পর্যটক বাড়বে।”

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক বলেন, “পর্যটক আকর্ষণে সড়ক উন্নয়ন জরুরি। প্রবেশ ফি বাড়ানো বা কমানো সরকারের সিদ্ধান্ত। তবে গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফি জমা দিলে রাত্রিকালীন পাশ পাওয়া যাচ্ছে।”

পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রচারণা জোরদার এবং রাত্রিকালীন পাশ সহজলভ্য করলে সুন্দরবনের সাতক্ষীরা অংশ আবারও পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।