সুন্দরগঞ্জ পৌরসভা কে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রুপান্তর করতে সকলের দোয়া ও সর্মথন চেয়েছেন-সিন্টু

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জ পৌরসভা কে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রুপান্তর করতে সকলের দোয়া ও সর্মথন চেয়েছেন-সিন্টু

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সফল উদ্যোক্তা আরফিন আজিজ সরদার (সিন্টু)। তিনি এ লক্ষ্যে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী আরফিন আজিজ সরদার (সিন্টু) শিক্ষা-অনুরাগী, সৎ ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর পিতা মরহুম আজিজার রহমান সরদার গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। তিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং একই সময়ে সুন্দরগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্বও পালন করেন।

পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আরফিন আজিজ সরদার (সিন্টু) দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ইতোমধ্যে তিনি সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

তার উল্লেখযোগ্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা প্রদান, অসহায় পরিবারের মেয়েদের বিবাহে সহযোগিতা, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহনসহ বিভিন্ন মানবিক উদ্যোগ।

আরফিন আজিজ সরদার (সিন্টু) বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি পৌরসভার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে অগ্রাধিকার দেবেন। তিনি মনে করেন, বেকারত্ব সমাজে নানা অসামাজিক কর্মকাণ্ডের অন্যতম কারণ। এছাড়া পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, পৌর এলাকায় বিদ্যমান বিদ্যুৎ সমস্যার সমাধানে পৃথক বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে, যাতে করে লোডশেডিং কমে আসে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক থাকে।

আরফিন আজিজ সরদার (সিন্টু) পৌরবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে বলেন, “আমি জনগণের পাশে থাকতে চাই, তাদের সেবা করতে চাই। সুন্দরগঞ্জ পৌরসভার উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি।”

Advertisement
Advertisement
Advertisement