শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। শনিবার (০২ মে ২০২৬) সকাল ১০টায় নিহত তিনজন ও আহত একজনের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে আকস্মিক বজ্রপাতের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। নিহতরা হলেন—ফুয়াদ চৌধুরী (৩৩), রাফি চৌধুরী (১১) ও মিজানুর রহমান (২০)। আহত শামীম মিয়া (১৮) বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির পাশের একটি সড়কে অবস্থানরতদের ওপর বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। একই ঘটনায় একটি গবাদিপশুও মারা যায়।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহত শামীম মিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।