গাইবান্ধায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সুন্দরগঞ্জ থানাধীন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও সন্ত্রাস দমনে নিয়মিত রাত্রীকালীন অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতরাতে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজার নেতৃত্বে এসআই কামাল উদ্দিন, এএসআই আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স চন্ডিপুর ইউনিয়নের সিচা ও পাঁচপীর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ২ জন চোরকে গ্রেফতার করা হয়।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় প্রতিদিন রাত্রীকালীন অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসআই কামাল উদ্দিন, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্সের প্রচেষ্টায় সফলতা আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার যেকোনো অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানায়, কঞ্চিবাড়ী তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় অপরাধ দমনে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।