সংবাদ শিরোনাম

অস্ট্রেলিয়া সফরে ইনজুরি নিয়ে ভাবছেনা বাংলাদেশ

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন   |   খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরে ইনজুরি নিয়ে ভাবছেনা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর আবারও ক্যাঙ্গারুদের দেশে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনজুরি নিয়ে ভাবছে না বাংলাদেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া মূল লক্ষ্য। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে থাকলেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চান না। বরং যারা দলে আছেন, তাদের সামর্থ্যরে ওপরই পূর্ণ আস্থা রাখছেন তিনি। ইনজুরিতে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ দুই  খেলোয়াড় পেসার নাহিদ রানা ও উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তাদের অভাব স্বভাবতই অনুভব করবে দল। তবে পেছনে না তাকিতে সামনে এগোতে চান জানিয়ে এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ইঞ্জুরি আসলে আমাদের নিয়ন্ত্রণে নাই। যে দল যাচ্ছে, তার ওপর পুরোপুরি বিশ্বাস আছে। এই দল নিয়ে আমরা কত ভালো খেলতে পারি, সেই বিশ্বাস রাখাই গুরুত্বপূর্ণ।’ তার মতে, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে ভালো ফল করতে হলে নির্দিষ্ট পরিকল্পনা ধরে রেখে নিজেদের প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

‘অস্ট্রেলিয়ায় কতটা ভালো খেলতে পারি, সবকিছু ঠিকভাবে চালিয়ে নিতে পারছি কিনা সেটাই আমাদের লক্ষ্য থাকবে’, যোগ করেন বাংলাদেশ অধিনায়ক। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হলেও আবহাওয়ার কারণে কিছুটা সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে ঠিকভাবে প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। যেটুকু সম্ভব প্রস্তুতি নেয়া হয়েছে, তবে কিছুটা ঘাটতি ছিল।’ অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে আগেভাগে ধারণা করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘এতদূর থেকে কন্ডিশন নিয়ে ধারণা করা কঠিন। আমরা ওখানে যাওয়ার পর মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো ক্রিকেট খেলা সম্ভব।’ অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়াকে নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন শান্ত। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ সবসময় টিভিতে দেখেছি। এবার খেলতে যাচ্ছি। আলাদা উত্তেজনা কাজ করছে।’ একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তিত বাস্তবতার কথাও তুলে ধরেন অধিনায়ক। তার ভাষায়, ‘এখন দর্শকরা আশা রাখেন আমরা জিতবো। এটি বলতে পারেন একটি ভালো অর্জন।’ সমর্থকদের এই প্রত্যাশাকে ইতিবাচক হিসেবে দেখছেন শান্ত এবং মাঠে  সেই আস্থার প্রতিদান দেওয়ার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ।

প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার এই সফরের শুরুতেই একের পর এক ইনজুরির ধাক্কায় খর্বশক্তির দল নিয়েই লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের। প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে আছে নাজমুল হোসেন শান্ত, তার ডেপুটির দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে দল। ৬-৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩-১৭ আগস্ট মাররারা ক্রিকেট গ্রাউন্ডে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ১৫ সদস্যের স্কোয়াডে ব্যাটার রয়েছেন আটজন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান ও জাকের আলী অনিক। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।  পেস আক্রমণে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন  চৌধুরী ও মুশফিক হাসান। একটি কৌতূহলোদ্দীপক বিষয় হলো, এই পাঁচ পেসারই ডানহাতি। এমনকি বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারও বল করেন ডান হাতে।

Advertisement
Advertisement
Advertisement