সুদামেরিকানায় সান্তোসের দাপুটে জয়! শেষ ষোলো নিশ্চিত
শাহনুর রুমেন | সান্তোস (ব্রাজিল)
কনমেবল সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে সান্তোস। ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রাল (Universidad Central)-কে ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে প্রতিযোগিতার শেষ ষোলো (রাউন্ড অব ১৬)-এ জায়গা করে নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
মঙ্গলবার (২৮ জুলাই) ব্রাজিল সময় রাত ৯টা ৩০ মিনিটে ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরুতেই অবশ্য চমকে যায় স্বাগতিকরা। ম্যাচের মাত্র ১৮ সেকেন্ডে গোল হজম করে পিছিয়ে পড়ে সান্তোস। তবে সেই ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণে ভেনেজুয়েলার দলটিকে চাপে ফেলে দেয় তারা।
সান্তোস কোচ শুরু থেকেই নেইমারকে মাঠে নামাননি। বিশ্বকাপ-পরবর্তী ব্যস্ত সূচির কথা বিবেচনা করে তাকে বেঞ্চে রাখা হয়। প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। মাঠে নেমেই আক্রমণভাগে গতি ও সৃজনশীলতা বাড়িয়ে দেন তিনি। তার উপস্থিতিতে সান্তোস আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করে এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয়।
সান্তোসের হয়ে এদিন গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা (গাবিগোল), নেয়মার (২টি) এবং আলভারো বাররিয়াল। অন্যদিকে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের হয়ে গোল করেন স্যামুয়েল সোসা ও হুয়ান কুয়েস্তা।
এই জয়ের ফলে সান্তোস শুধু শেষ ষোলোর টিকিটই নিশ্চিত করেনি, বরং দক্ষিণ আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় নিজেদের শিরোপা প্রত্যাশাকেও আরও শক্তিশালী করেছে। শেষ ষোলোতে সান্তোসের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।
বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফিরে নেইমারের দ্বিতীয়ার্ধের প্রাণবন্ত পারফরম্যান্স সান্তোস সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে। ম্যাচ শেষে তিনি ব্রাজিল জাতীয় দলে আর না ফেরার ইঙ্গিত দিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।