হাসপাতালের উদ্বোধন এবং বৈজ্ঞানিক সেমিনারে : মন্ত্রীপরিষদ সচিব
খুলনা ব্যুরো :
মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের কোনো উপজেলায় ২৫০ শয্যার হাসপাতাল নেই। যশোরের চৌগাছায় ২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি বলেন, এ হাসপাতালের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার ৩ জুলাই হাসপাতালের অডিটোরিয়ামে ২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন এবং বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিমুল গনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার জন্য দূরে যাওয়ার প্রয়োজন কমবে। হাসপাতালটি জনসাধারণের সেবার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। এ সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুজ্জামান (রাহিন) সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক।
পরে মন্ত্রিপরিষদের সচিব চৌগাছা সমিতি, ঢাকা আয়োজিত অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে তিনি ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন করেন।