কেএমপির অভিযানে ঢাকা থেকে বি কোম্পানির ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ; অস্ত্র ও গুলি উদ্ধার

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন   |   খুলনা

কেএমপির অভিযানে ঢাকা থেকে বি কোম্পানির ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ; অস্ত্র ও গুলি উদ্ধার

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকায় অভিযান চালিয়ে চিহ্নিত পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

২২ জুন সোমবার খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এসব তথ্য জানান।

পুলিশের ভাষ্য, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১ থেকে ২০ জুন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবরার ফয়সাল ওরফে বাদিন, আল-আমিন, তুষার শিকদার, আসিফ ও সাজ্জাদ হোসেন সাব্বির। ডিবির দাবি, তাঁরা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের কাছ থেকে খুলনায় সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে পরবর্তী অভিযান চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে কেএমপির ডিবি ডিসি বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ছাড়া আর কোনো বাহিনী থাকবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement