জলাবদ্ধতা নিরসনে রূপসা স্লুইচগেট পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন   |   খুলনা

জলাবদ্ধতা নিরসনে রূপসা স্লুইচগেট পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে জোয়ার ও অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে রূপসা স্লুইচগেট পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রবিবার সকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিনে স্লুইচগেটের বর্তমান অবস্থা ও করণীয় পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, জোয়ারের সময় নদীর পানি উচ্চ অবস্থানে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য আধুনিক পাম্প হাউস নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এর আগে পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও কারিগরি জটিলতায় তা বাতিল হয়।

তিনি আরও জানান, স্লুইচগেটের কয়েকটি গেট অকার্যকর হয়ে পড়ায় জোয়ারের পানি শহরে প্রবেশ করছে। পাম্প হাউস স্থাপনের আগ পর্যন্ত জোয়ারের পানি প্রবেশ বন্ধে গেটগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলমান ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।

ওয়াসার খনন করা সড়কগুলোর বিষয়ে প্রশাসক বলেন, ভবিষ্যতে খননকৃত সড়ক মেরামতের দায়িত্ব ওয়াসাকেই পালন করতে হবে। তবে মেরামত কাজের মান ও অগ্রগতি পর্যবেক্ষণ করবে কেসিসি।

পরিদর্শনকালে কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Advertisement