খুলনায় হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় নতুন রোগী ৬৪

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় নতুন রোগী ৬৪

খুলনা ব্যুরো :

খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে স্বস্তির বিষয়, এ সময়ে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২১ জুন প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত বিভাগজুড়ে মোট ৬ হাজার ৬৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ২১২ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫ হাজার ৮৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ সময়ে ২৮ জনের সন্দেহজনক হামজনিত মৃত্যুর তথ্যও রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মাগুরায় সর্বোচ্চ ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ১৪ জন, কুষ্টিয়ায় ১২ জন, ঝিনাইদহে ৮ জন, যশোরে ৫ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ২ জন এবং সাতক্ষীরায় ১ জন রোগী পাওয়া গেছে। বাগেরহাটে এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

মোট আক্রান্তের সংখ্যায় কুষ্টিয়া জেলা শীর্ষে রয়েছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে খুলনা (৯৩৩), মাগুরা (৮৬৪) ও যশোর (৭৮৬)।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার ঠেকাতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। পরিস্থিতি মোকাবিলায় বিভাগের সব জেলা হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সতর্ক রাখা হয়েছে

Advertisement
Advertisement
Advertisement