বিতর্কিত মন্তব্যের পর কেএমপির অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন   |   খুলনা

বিতর্কিত মন্তব্যের পর কেএমপির অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল হাসান খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তথ্য ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে তার দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে রাশিদুল হাসান খানকে আগামী ২১ জুনের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

এর আগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোনো পুলিশ কর্মকর্তা গোপন তথ্য ফাঁস করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘ঝুলিয়ে পেটানোর’ মতো মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ সদর দপ্তর তা আমলে নেয় এবং তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement