রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ জুন শুক্রবার রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকার বাসিন্দা। তিনি শেখ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রূপসা থানার এসআই মশিউর রহমান বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, জয়পুর গ্রামে এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কোমরের পেছন থেকে একটি খালি ম্যাগাজিনসহ বিদেশি তৈরি ৭.৬৫ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি গ্রেপ্তার ব্যক্তি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রূপসা থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক মীর বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।