খুলনার বটিয়াঘাটার আট খাল ইজারা বাতিলের দাবি

 প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনার বটিয়াঘাটার আট খাল ইজারা বাতিলের দাবি

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনার বটিয়াঘাটা উপজেলার আটটি খাল ইজারা বন্ধ করে উন্মুক্ত জলাশয় হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও ভুক্তভোগী মানুষেরা। ১৭ জুন বুধবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে তাঁরা এ দাবি জানান।

গণশুনানিতে অংশ নেওয়া লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশনের নেতারা বলেন, আমতলা, খড়িয়া, বটবুনিয়া, বরাখালী, ছোটখড়িয়া, মরাখড়িয়া, গোন্ধামারী ও বটিয়াঘাটা খাল ওয়াপদা বেড়িবাঁধের ভেতরে অবস্থিত উন্মুক্ত জলাশয়। 

স্লুইসগেটের মাধ্যমে নিয়ন্ত্রিত এসব খাল প্রায় ৪৫ হাজার একর কৃষিজমির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষের জীবন-জীবিকা এসব খালের ওপর নির্ভরশীল।

বক্তারা বলেন, অতীতে খালগুলো ইজারা দেওয়ার কারণে লবণ পানি প্রবেশ, জলাবদ্ধতা এবং কৃষি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।

২০০৬ সাল থেকে স্থানীয়রা এসব খাল উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সরকারি তদন্তেও খালগুলো উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে বলে তাঁরা উল্লেখ করেন।

তাঁদের অভিযোগ, বর্তমানে আমতলা ও খড়িয়া নদীসহ অন্যান্য খাল পুনরায় ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নীতিমালা এবং জলমহল ব্যবস্থাপনা নীতির পরিপন্থী। তাঁরা অবিলম্বে ইজারা কার্যক্রম বাতিল, খালগুলোকে উন্মুক্ত জলাশয় ঘোষণা এবং অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।

গণশুনানিতে মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, মো. ফজলুর রহমান লাভলু, তিমির বরণ সরকার এবং লোকজের সমন্বয়কারী পলাশ দাশ ও মিলন কান্তি মণ্ডল বক্তব্য দেন।

জেলা প্রশাসক হুরে জান্নাত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Advertisement
Advertisement
Advertisement