স্বামী-শ্বশুরের মারামারি থামাতে গিয়ে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন   |   খুলনা

স্বামী-শ্বশুরের মারামারি থামাতে গিয়ে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে পড়ে আব্দুর রহমান (৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ জুন শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর থানাধীন বিএডিসি রোডের হেলালের বাগান শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো. হেদায়েত হোসেন ও তাঁর ছেলে ফয়সলের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ফয়সলের স্ত্রী সুখী আক্তার ময়না তাঁর তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে তাঁদের থামাতে এগিয়ে যান।

একপর্যায়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শিশুটি অসাবধানতাবশত মায়ের কোল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা থানায় এসে জানিয়েছেন, স্বামী ও শ্বশুরের মধ্যে মারামারি থামাতে গিয়ে তাঁর কোল থেকে শিশুটি পড়ে যায়। এতে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement