খুলনায় বিভাগীয় শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব

 প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বিভাগীয় শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব

খুলনা ব্যুরো :

শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা এখনো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। তিনি বলেন, এ সমস্যা সমাধানে শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। শিশুশ্রম প্রতিরোধে সরকার নিরুৎসাহমূলক নীতি গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে বহুমাত্রিক উদ্যোগ প্রয়োজন।

বুধবার ৩ জুন খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক ড. মোঃ আনিস-আর-রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও পরিষদের সদস্যরা।

সভায় শিশুশ্রম নিরসনে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রতি দুই মাস অন্তর পরিষদের মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শিশুদের তথ্যভান্ডার তৈরি, রেলস্টেশন ও শহিদ হাদিস পার্কসহ বিভিন্ন স্থানে থাকা ভাসমান শিশুদের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ উল্লেখযোগ্য।

এ ছাড়া শ্রমঘন এলাকাগুলো নিয়মিত পরিদর্শন, শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের কারিগরি শিক্ষার আওতায় আনা এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

Advertisement
Advertisement
Advertisement