সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
খুলনা ব্যুরো :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশঝাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। বুধবার (৩ জুন) রাত ২টার দিকে কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪০) ও মো. শাহিন (২৮)। স্থানীয় সূত্র জানায়, তারা দীর্ঘদিন ভারতে শ্রমিক হিসেবে কাজ করার পর দেশে ফিরছিলেন। সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ গুলি ছুড়লে তারা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজায়েত হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
এদিকে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় তারা গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে বিজিবি ১৭ ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব সীমান্তে গুলিবর্ষণের ঘটনার সত্যতা নাকচ করে বলেছেন, তাদের দায়িত্বাধীন এলাকায় এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।