খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রাস্তার উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না ; জেলা প্রশাসক
খুলনা ব্যুরো :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা রোববার (১৭ মে) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহনের কারণে যেন যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখারও নির্দেশ দেন।
এ সময় নদী পুনঃখনন ও খাল খনন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, খাল খননের অগ্রগতি প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, শিশুদের হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা এক লাখ ৬৩ হাজার ২২৯টি। জেলার চাহিদা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি হওয়ায় আট হাজার ৭৭৩টি পশু উদ্বৃত্ত থাকবে। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২৫টি পশুর হাট বসবে এবং এসব হাটে সেবা প্রদানের জন্য ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।