সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

মাসুদ আল হাসান,খুলনা -

সাতক্ষীরার সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (৩৬) দুই সন্তানের জননী ছিলেন। তিনি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন মোড়ল লক্ষীদাড়ি গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী স্ত্রীকে আঘাত করে পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

রাত পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


Advertisement
Advertisement
Advertisement