কেএমপিতে ট্রাফিক পুলিশের মাঝে কর্মদক্ষতার পুরস্কার বিতরণ

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন   |   খুলনা

কেএমপিতে ট্রাফিক পুলিশের মাঝে কর্মদক্ষতার পুরস্কার বিতরণ

খুলনা ব্যুরো :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার ১৭ মে বেলা ১১টা ৩০ মিনিটে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বলেন, ট্রাফিক পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ইউনিট হওয়ায় জনগণের সঙ্গে সততা, দক্ষতা, ধৈর্য ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ, রিকশাচালক ও যানবাহন চালকদের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখার নির্দেশনাও দেন তিনি।

গত এক মাসে প্রশংসনীয় দায়িত্ব পালনের জন্য ২০ জন কনস্টেবল, পাঁচজন এটিএসআই এবং পাঁচজন সার্জেন্ট/টিএসআইকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement