সুন্দরবনে দুই ডাকাত আটক ; অস্ত্র ও গুলি সহ ৪ জেলে উদ্ধার

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে দুই ডাকাত আটক ; অস্ত্র ও গুলি সহ ৪ জেলে উদ্ধার

 মাসুদ আল হাসান,খুলনা -

সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড গুলিসহ মুক্তিপণের দাবিতে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়।

রবিবার ১৭ মে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্ব সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় ভোরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. রবিউল শেখ (৩০) ও রাজন শরীফ (২০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় বন্দুক ও ২৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। পরে অভিযান এলাকায় তল্লাশি চালিয়ে জিম্মি করে রাখা চার জেলেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। আটক রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, আটক দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনে দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement