খুলনায় আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন
খুলনা ব্যুরো :
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ মে বেলা সাড়ে ১১টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসন খুলনার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রবিবুল ইসলাম বকুল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, খুলনা ক্রীড়াঙ্গনের ঐতিহ্য রয়েছে এবং এখানকার খেলোয়াড়রা অতীতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। এই আয়োজন থেকে ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহম্মেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।