সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় মৌয়াল গুরুতর আহত

 প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন   |   খুলনা

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় মৌয়াল গুরুতর আহত

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকাল প্রায় ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বের হয়ে বাবলু গাজীর ওপর হামলা চালায়।

সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করে এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে লোকালয়ে নিয়ে আসা হয়।

আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু ভাঙতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।”

স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই তাদের জীবিকা নির্বাহ করতে হয়।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তারা।

Advertisement
Advertisement
Advertisement