খুলনায় চাঞ্চল্যকর খুন ও দস্যুতা মামলায় ১ কিশোর সহ ৪ জন গ্রেফতার

 প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় চাঞ্চল্যকর খুন ও দস্যুতা মামলায় ১ কিশোর সহ ৪ জন গ্রেফতার

খুলনা ব্যুরো :

খুলনার আল আকসা নগরে সংঘটিত চাঞ্চল্যকর খুন ও দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটনে অগ্রগতি এসেছে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ। একই ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক কিশোরকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার (৯ মে) বিকেল থেকে রাত পর্যন্ত হরিণটানা থানার কেডিএ আবাসিক এলাকা ও আরাফাত আবাসিক এলাকার আশপাশে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনারুল গাইন (৪৬), মিজানুর রহমান মোড়ল (৪৭) ও জাহিদুল ইসলাম (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় রমজান সরদার (১৬) নামে এক কিশোরকে আইনের সংঘাতে জড়িত হিসেবে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় বলে পুলিশ জানিয়েছে।

পরবর্তীতে কিশোর রমজান সরদারকে শিশু আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে। আদালত তাকে যশোর শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। অন্য তিন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, খুন ও দস্যুতা সংক্রান্ত মামলাটি দণ্ডবিধির ৩৯২ ও ৩০২ ধারায় তদন্তাধীন রয়েছে এবং লুণ্ঠিত গরুসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এদিকে নিহতের পরিবার আসামিদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement