চেক ডিজঅনারের ঘটনায় জেলা পরিষদ কর্মকর্তাকে নোটিশ

 প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন   |   খুলনা

চেক ডিজঅনারের ঘটনায় জেলা পরিষদ কর্মকর্তাকে নোটিশ

খুলনা ব্যুরো :

মসজিদের জন্য অনুদান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী (ভারপ্রাপ্ত) নুরজাহান কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১০ মে) পাইকগাছা আইনজীবী সমিতির আইনজীবী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক ভুক্তভোগী জাফর আলী গাজীর পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা ও ধামরাইল গাজীপাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি জাফর আলী গাজীর কাছ থেকে জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে নুরজাহান কাকুলী নগদ তিন লাখ টাকা গ্রহণ করেন।

পরবর্তীতে অনুদান না পাওয়ায় টাকা ফেরতের দাবিতে তিনি সোনালী ব্যাংক পিএলসি, সার ইকবাল রোড শাখার একটি চেক প্রদান করেন। তবে গত ৭ মে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়ে ফেরত আসে।

ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি জানানো হলেও অভিযুক্ত কর্মকর্তা টাকা পরিশোধে কোনো উদ্যোগ নেননি। পরে আইনি পদক্ষেপ হিসেবে নোটিশ পাঠানো হয়।

নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা তিন লাখ টাকা পরিশোধ করে চেক ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে জানানো হয়েছে।#

Advertisement
Advertisement
Advertisement