বাগেরহাটে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো :
বাগেরহাটের রামপাল উপজেলায় এক শিক্ষক পরিবারের জমি দখল ও স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওমর ফারুকের বিরুদ্ধে। রোববার ১০ মে সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ফারজানা জান্নাত।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা শিক্ষক আলতাফ হোসেন দানপত্র, ক্রয়কৃত দলিল ও ওয়ারেসসূত্রে প্রাপ্ত প্রায় ১১ শতক ১০ পয়েন্ট জমিতে নির্মিত তিনতলা ভবনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ভবনের সামনে নির্মিত চারটি দোকান ও দুটি ভাড়া বাসা তাদের দখলে ছিল।
অভিযোগে বলা হয়, পাশের জমি ক্রয়ের পর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওমর ফারুক তাদের ভোগদখলীয় অংশ দখলের চেষ্টা শুরু করেন। গত ৩১ মার্চ তার নির্দেশে কয়েকজন লোক দোকানঘর ভাঙচুর চালায় বলে দাবি করেন ফারজানা জান্নাত।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে থানায় অভিযোগ ও খুলনা ডিআইজি বরাবর আবেদন করা হলেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে দাবি পরিবারের।
ভুক্তভোগীদের ভাষ্য, আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে চারটি দোকান ও দুটি বসতঘর ভেঙে সেখানে নতুন স্থাপনা নির্মাণের কাজ চলছে।
সংবাদ সম্মেলনে পরিবারটি নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে।
এ বিষয়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।