অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লা বোঝাই ট্রাক চালক নিহত, হেলপার আহত

 প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   খুলনা

অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লা বোঝাই ট্রাক চালক নিহত, হেলপার আহত

খুলনা ব্যুরো :

যশোরের অভয়নগরে খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত হেলপার রায়হানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল ট্রাকটি। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রেললাইনের পাশে ছিটকে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, ক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সেখানে গেট বা সংকেত ব্যবস্থা নেই।

অভয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

Advertisement
Advertisement
Advertisement