সুন্দরবনে দুই বনজীবী অপহরণ, মুক্তিপণ দাবি
খুলনা ব্যুরো :
সুন্দরবন-এর সাতক্ষীরা রেঞ্জ এলাকায় অস্ত্রের মুখে এক মৌয়াল ও এক জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
সহকর্মীদের দাবি, বনদস্যু আলিফ বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে অপহরণ করে গভীর বনের দিকে নিয়ে যায় মৌয়াল আব্দুল করিম (৪৮) ও জেলে ইসমাইল হোসেনকে। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা।
ফিরে আসা জেলে আব্দুল আলিম ও শামীম হোসেন জানান, বনদস্যুরা নিজেদের আলিফ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দুজনকে জিম্মি করে। পরে ইসমাইল হোসেনের মুক্তির জন্য ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে অপর অপহৃত আব্দুল করিমের বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
জানা যায়, গত ২৬ ও ২৮ এপ্রিল পৃথক দুটি নৌকায় বনজীবীরা কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে মধু সংগ্রহ ও মাছ শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেছিলেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, অপহরণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জিম্মিদের নিরাপত্তার কারণে অনেক সময় স্বজনরা প্রশাসনকে জানাতে চান না। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।