স্মার্ট ক্যাম্পাসের পথে কুয়েট ; নিরাপত্তা, আবাসন ও একাডেমিক ভবণে বড় সংস্কার
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-কে নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় বিভিন্ন বিভাগের ভিপি, জিএস এবং সকল বর্ষের ক্লাস রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সরকারি অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের চলাচল বিষয়ে বিশেষ নির্দেশনাও আলোচনায় আসে।
ক্যাম্পাসকে ডিজিটাল রূপ দিতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি কার্ড চালু করা হচ্ছে, যার মাধ্যমে লাইব্রেরি, মেডিকেল ও ক্যাফেটেরিয়াসহ সব সেবা পাওয়া যাবে। পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে উত্তরপত্রে ইউনিক কোডিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাডেমিক সংস্কারের অংশ হিসেবে ২০২৫ ব্যাচ থেকে মিডটার্ম পরীক্ষা ও নতুন নম্বর বণ্টন পদ্ধতিসহ আধুনিক কারিকুলাম কার্যকর হবে। বর্তমান ২১–২৪ ব্যাচের শিক্ষার্থীরাও চাইলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নতুন পদ্ধতিতে যুক্ত হতে পারবেন।
আবাসন সংকট নিরসনে এক বছরের মধ্যে ছাত্রীদের জন্য এবং দেড় বছরের মধ্যে ছাত্রদের জন্য পৃথক দুটি ১০ তলা আধুনিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে পুরোনো হলের স্থানে নতুন একাডেমিক ভবন নির্মাণের মহাপরিকল্পনাও নেওয়া হয়েছে।
এছাড়া গবেষণা ও স্টাডি ট্যুরের বাজেট বৃদ্ধি, ক্যাম্পাসে মানসম্মত রেস্টুরেন্ট, আধুনিক ফার্মেসি ও সেলুন স্থাপনের উদ্যোগের কথাও জানানো হয়।
উপাচার্য শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে আইন নিজের হাতে না তুলে প্রশাসনকে অবহিত করতে হবে। শিক্ষার্থীদের সহযোগিতায় কুয়েটকে আন্তর্জাতিক মানের নিরাপদ ইনোভেশন হাবে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।